তুরাগ নদীতে ভাসমান ৭ মরদেহের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যা ছড়ানো হচ্ছে তা গুজব বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। তাঁর দাবি, রাজনৈতিক রং জড়িয়ে কতিপয় স্বার্থান্বেষী মহল বিভিন্নভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।
রোববার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
শামীমা পারভীন বলেন, ‘গত ২৪ ও ২৬ জুন সুমন ও রনি নামে যে দুজনের মরদেহ পাওয়া গেছে, তাদের সাথে মিছিলের কোনো সম্পৃক্ততা নেই। সুমন নৌকা ভ্রমণে গিয়ে মারা যায়, আর রনি মারা যায় গোসল করতে গিয়ে। দুজনের পরিবার আলাদা থানায় অপমৃত্যু মামলা করেছে।’
ঢাকা জেলা পুলিশ সুপার স্পষ্ট করে বলেন, ‘আওয়ামী লীগের মিছিল থেকে ৭ জন নিখোঁজ হওয়ার কোনো ঘটনা জেলা পুলিশের জানা নেই। শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে এক মহল এমন অপপ্রচার চালাচ্ছে।’
অপপ্রচারকারীদের আইনের আওতায় আনতে কাজ চলছে বলেও জানান তিনি।