নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার বাক্প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যুর ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার র্যাবের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
র্যাব জানিয়েছে, রাজধানীর কারওয়ানবাজারে আজ বিকেল ৩টায় এ বিষয়ে ব্রিফ করা হবে। সেখানেই বিস্তারিত জানানো হবে।
এর আগে গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে মেথিকান্দা স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঢুকে দুর্বৃত্তরা বাক্প্রতিবন্ধী ববি বেগমকে (৭০) মারধর করে। তাঁর দীর্ঘদিনের সঞ্চিত টাকা লুট করে নিয়ে যায় তারা।
পরে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে ববি বেগমের মৃত্যু হয়।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। হামলা–লুটে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে।
জানা যায়, প্রায় দুই যুগ আগে একটি ট্রেন থেকে নেমে মেথিকান্দা স্টেশনেই থেকে যান ববি বেগম। স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষ ছিল তাঁর আশ্রয়। তিনি বিনা পারিশ্রমিকে প্ল্যাটফর্ম ঝাড়ু দেওয়া, শৌচাগার পরিষ্কারসহ বিভিন্ন পরিচ্ছন্নতার কাজ করতেন।
স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা ওই বৃদ্ধাকে খাবার, অর্থসহায়তা দিতেন। অর্থের বেশির ভাগই তিনি জমিয়ে রাখতেন। সেই জমানো টাকা লুট করার জন্য তাঁর ওপর হামলা করে দুর্বৃত্তরা।