প্রকল্প আসে–যায়, বছর ঘুরে জলাবদ্ধতায় একই ভোগান্তি

মাত্র ৩০ মিলিমিটার বৃষ্টিতেই ডুবেছে রাজধানীর বেশি কিছু সড়ক। ফলে এসব সড়কে থমকে যায় যান চলাচল। চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। প্রতি বছর বর্ষা এলেই একই রকম দুর্ভোগে পড়ে তিতিবিরক্ত ঢাকাবাসী।

এই দৃশ্য রাজধানীর নয়াপল্টনের। ডুবে থাকা সড়কের দুপাশে ধীরগতির যানবাহনের সারি। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশের চিত্রটা একেবারেই অমানবিক। কয়েক ঘণ্টার বৃষ্টিতে প্রায় হাঁটু সমান পানি জমায় রোগী, তাদের স্বজন কিংবা হাসপাতাল সংশ্লিষ্ট কারোরই ভোগান্তির শেষ নেই।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীতে বৃষ্টি হয়েছে ৩০ মিলিমিটার। আর তাতেই ঢাকা দক্ষিণ সিটির ফকিরাপুল, রাজারবাগ, মতিঝিল, নিউমার্কেট এবং পুরান ঢাকায় দেখা দেয় জলাবদ্ধতা। 

বৃষ্টির পর জলাবদ্ধতা তৈরি হলেও দুপুর আড়াইটা পর্যন্ত মাঠে ছিলেন না পরিচ্ছন্নতাকর্মীরা। দ্রুত পানি নামাতে কর্মীরা মাঠে নামেন তিনটা নাগাদ। বিকেল পাঁচটার মধ্যেই পল্টনসহ অনেক এলাকার পানি নেমে যায়।

ডিএসসিসির নির্বাহী প্রকৌলশী মো. আহসান হাবীব বলেন, ‘প্রথমে খালগুলো পুনরুদ্ধার ও দখলমুক্ত করতে হবে। এরপর সেগুলোকে আশপাশের নদীর সঙ্গে পুনঃসংযোগ করে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।’

নগর পরিকল্পনাবিদদের মতে, অপরিকল্পিত নগরায়ণ, খাল দখল, অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা এবং নালা-নর্দমায় জমে থাকা বর্জ্যের কারণেই সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। বছরের পর বছর নানা প্রকল্প হাতে নিয়েও মিলছে না কাঙ্ক্ষিত ফল।