ঢাকার কেরানীগঞ্জ বরইতলা এলাকায় একটি বাসায় গ্যাসলাইনে কাজ করার সময় বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন, রাকিব (১৪), রাজন (২৫) ও সুমন (২৭)। শনিবার ভোর পাঁচটার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা তাদের সহকর্মী সজীব বলেন, ‘গত রাতে কেরানীগঞ্জের বরইতলা এলাকার আরিফ মিয়ার বাসায় গ্যাসের লাইনের কাজ করছিলাম আমরা। এ সময় পাইপলাইনে হঠাৎ বিস্ফোরণের ঘটনায় আমাদের তিনজন শ্রমিক দগ্ধ হয়। পরে তাদেরকে দ্রুত আমরা হাসপাতালে নিয়ে আসি।’
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আজ ভোর পাঁচটার দিকে কেরানীগঞ্জ এলাকা থেকে রাকিব শরীরে দগ্ধ ১৭ শতাংশ, রাজন ও সুমনের শরীরে সামান্য পরিমাণ দগ্ধ নিয়ে আসে। তারা সবাই আশঙ্কা মুক্ত।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে বর্তমানে তাদের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।