রাজধানীতে মাদ্রাসায় বিস্ফোরণ, ঘুমিয়ে থাকা ৫ শিক্ষার্থী আহত 

রাজধানীর ডেমরায় একটি মাদ্রাসায় বিস্ফোরণ ও আগুনের ঘটনায় ঘুমিয়ে থাকা ৫ শিক্ষার্থী দগ্ধ ও আহত হয়েছে। সোমবার বেলা ৩টার দিকে ডেমরার পূর্ব বক্সনগর এলাকায় এই ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলো– রেজওয়ান, মো. মোদাব্বির, মো. সাফি, মো. উজাইফা ও রোমান। তাদের বয়স আনুমানিক ১২ থেকে ১৫ বছর। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সন্ধ্যা ছয়টার দিকে নিয়ে আসলে ৪ জনকে বার্নে ভর্তি করা হয় এবং একজনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা মাদ্রাসার শিক্ষক মো. আকাশ জানান, পূর্ব বক্সনগর এলাকার দারুল আজাদ তাকসিসি মাদ্রাসার ষষ্ঠ তলায় বিকেলে হঠাৎ করে বৈদ্যুতিক বোর্ডে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ঘরের দেয়ালের বেশ কিছু অংশ ভেঙে পড়ে এবং মুহূর্তের মধ্যে রুমে আগুন লেগে যায়। ওই সময় রুমে কয়েকজন শিক্ষার্থী ঘুমিয়ে ছিল। বিস্ফোরণ ও দেয়াল ধসে তারা ভেতরেই আটকা পড়ে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়। এর মধ্যে ৫ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।  

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ডেমরার পূর্ব বক্সনগর এলাকার একটি মাদ্রাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় মাদ্রাসার দেয়াল ধসে ঘুমিয়ে থাকা ৪ শিক্ষার্থী দগ্ধ ও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়ে এসেছে। চারজনকে জাতীয় বার্নে ভর্তি করা হয়েছে ও একজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।