সচিবালয় থেকে সরলো শিক্ষার্থীরা, ফের সায়েন্সল্যাবের দিকে 

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে থেকে সায়েন্সল্যাবের দিকে ফিরে গেছে। এরপর সচিবালয় এলাকা থেকে ব্যারিকেড সরিয়ে নিয়েছে পুলিশ।

এর আগে আন্দোলনরতদের সচিবালয়ে প্রবেশের চেষ্টা পণ্ড করে দেয় পুলিশ। বিকেলে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ের অবস্থান ছেড়ে সচিবালয়ে এসে পৌঁছায় শিক্ষার্থীরা। এ সময় তারা সচিবালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয়। এরপর তারা সেখানেই অবস্থান নেয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। 

এদিকে একই দাবিতে রাজধানী উত্তরায় আবারও সড়ক অবরোধ করেছেন এইচএসসি শিক্ষার্থীরা। দুপুর দেড়টার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। রাজধানী ছাড়াও বিভিন্ন জেলাতেও একই দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

এর আগে গত মঙ্গলবার সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এদিন রাতের মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম দিয়ে ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করে সড়ক ছাড়ে তারা। এরপর আজ আবারও বিকেলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।