নরসিংদীতে একই সাথে পানিতে ডুবে ৪ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু 

নরসিংদীর রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নে গোসল করতে নেমে একই সাথে চার মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো–বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯), রুবেল মিয়ার মেয়ে জান্নাত (৮) ও বিল্লাল হোসেনের মেয়ে সুমাইয়া (১০)। মৃত সবাই বড়কান্দা এলাকার গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসার বিরতির পর একসাথে ৬ জন শিক্ষার্থী পাশের একটি খালে গোসল করতে নামে। ছয়জনের মধ্যে দুইজন পাড়ে এসে স্থানীয়দের জানালে একে একে চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এর মধ্যে তিনজনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃত আরেকজনকে বাড়িতে নিয়ে যান স্বজনেরা।

এদিকে একমাত্র মেয়ে তাবিয়াকে হারিয়ে পাগলপ্রায় তার বাবা শামীম। হাসপাতালের এক কোনে বসে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘সকালে খাবারের পর কাজের উদ্দেশ্যে তিতাস ট্রেন ধরতে বাড়ি থেকে বের হয়ে রায়পুরা বাজার আসি। তখনই বাড়ি থেকে ফোন আসে মেয়ে পানিতে ডুবে মারা গেছে। পরে আমি দ্রুত হাসপাতাল চলে আসি।’

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুর রহমান বলেন, ‘দুপুর ১টায় তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের কারোরই শ্বাস, হার্টবিট পাওয়া যাচ্ছিল না।’

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ‘পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় তিন শিশুর পরিচয় শনাক্ত করা হয়েছে। আরও দুই শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে শুনেছি। পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’