নেত্রকোণায় আর্জেন্টিনা-ইংল্যান্ডের বিশ্বকাপ ফুটবল খেলা শেষে আর্জেন্টিনা সমর্থকদের জয়োল্লাসের ভিডিও ধারণ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে ছিটকে পড়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার রাত সোয়া ৩টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদমিনার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত দীপ্ত চৌধুরী (২৪) শহরের মালনীরোড এলাকার বাদল চৌধুরীর ছেলে। তিনি নেত্রকোণা সরকারি কলেজে সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
দীপ্ত চৌধুরীর বাবা বাদল চৌধুরী ও স্থানীয়রা জানান, বন্ধুদের সাথে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে রাতে বাসা থেকে বের হয়ে শহরের শহীদমিনার এলাকায় যান দীপ্ত। খেলা শেষে আর্জেন্টিনার জয়ে খুশি সমর্থকেরা আনন্দ উল্লাস করছিলেন। তখন একটি দ্বিতল ভবনের ছাদ থেকে এই আনন্দ উল্লাসের ভিডিও ধারণ করছিলেন দীপ্ত।
তারা জানান, এসময় অসতর্কতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে গেলে দীপ্ত ছিটকে ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা শ্রদ্ধানন্দ নাথ জানান, বিদ্যুতের স্পর্শে ও ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়ে দীপ্ত চৌধুরী মারা গেছেন।



