হাজারীবাগে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর হাজারীবাগের কামরাঙ্গীরচরে একটি জুতার কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, শুক্রবার বেলা ৩টার পর কামরাঙ্গীরচরের কারবালার মোড়ে আচাওয়ালা ঘাটে টিনশেড একটি কারখানায় আগুন লাগে। ৩টা ১২ মিনিটের দিকে জুতার কারখানায় আগুনের খবর পান তারা। 

রোজিনা আক্তার আরও জানান, তাৎক্ষণিক দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। বেলা ৩টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুই ইউনিট। পরে ৩টা ৪৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।