রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। পরে বিকেল পৌনে পাঁচটার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মো. রোকন উদ্দিন জানান, তার বাবা সেকান্দার আলী একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ছিলেন। তারা বর্তমানে বসুন্ধরা আবাসিক এলাকাতেই বসবাস করতেন। তার দাদার নাম মৃত সুলতান মিয়া এবং তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানাধীন এলাকায়।
মো. রোকন উদ্দিন বলেন, ‘আজ দুপুর সাড়ে ১২টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী অজ্ঞাত গাড়ি আমার বাবাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে আমরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। কিন্তু ততক্ষণে আর লাভ হয়নি, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।