রাজধানীতে ফুটবল খেলায় আতশবাজির বিস্ফোরণে ৪ যুবক দগ্ধ 

রাজধানীতে ফুটবল খেলা দেখার সময় আতশবাজির বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে মিরপুরের পল্লবীর সিটিক্লাব এলাকা এই ঘটনা ঘটে। ঘটনার পর রাত ৩টার তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

তারা হলেন–মো. সাকিব (২১), রিফাত (২০), সজীব (২২) ও তাহসিন (২২)। তাদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন ও সাকিবকে জাতীয় বার্নে ভর্তি করা হয়েছে। 

দগ্ধ সাকিব মিরপুরের (বিইউবিটি) কলেজের প্রথম বর্ষ ইকোনোমিক্স শিক্ষার্থী এবং মিরপুরে ১২ নম্বর এলাকার শহিদুল ইসলামের ছেলে। এ ছাড়া তাহাসিন, সজীব, রিফাতের বাসা একই এলাকায়।

আজ সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, মিরপুর থেকে আতশবাজির বিস্ফোরণে চার যুবককে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে তিনজনের দগ্ধের পরিমাণ কম হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। সাকিব নামের একজনকে ভর্তি দেওয়া হয়েছে।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা মো. আরাফাত জানান, রাতে বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে মিরপুরের সিটিক্লাব এলাকায় ওরা আতশবাজি করছিল। হঠাৎ বিস্ফোরণে আগুনে চারজন দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে গেলে তাদের মধ্যে তাহাসিন, সজীব, রিফাতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় ও সাকিবকে ভর্তি দেওয়া হয়েছে।