বাংলাদেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ কর্তৃক “পরিবার পরিকল্পনা শাখা”-এর ২৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। এই কমিটি আগামী ৩ (তিন) মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে।
বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আহ্বায়ক কমিটির অনুমোদন উপলক্ষে ডি-ফ্যাব পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং আপসহীন নেত্রী ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।
ডি-ফ্যাব পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। তাঁর ঘোষিত রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে ডিপ্লোমা ফার্মাসিস্ট সমাজ সর্বদা ইতিবাচক ভূমিকা পালন করবে—এই প্রত্যয় ব্যক্ত করা হয়।
বিজ্ঞপ্তিতে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব)-এর প্রধান উপদেষ্টা, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, উপদেষ্টা অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং “আমরা বিএনপি পরিবার”-এর আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সিনিয়র সাংবাদিক আতীকুর রহমান রুমনের প্রতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। এছাড়া ডি-ফ্যাব কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক মো. আসাদুল্লাহ মিয়া, সদস্য সচিব মো. নাজমুল হুদা এবং কেন্দ্রীয় কমিটির সকল সম্মানিত নেতৃবৃন্দকে বিশেষভাবে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়।
এতে আরও বলা হয়, ডি-ফ্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, দেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার, পদমর্যাদা, চাকরির সুযোগ বৃদ্ধি, উচ্চশিক্ষার প্রসার, সরকারি-বেসরকারি খাতে কর্মসংস্থান, পেশাগত নিরাপত্তা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সংগঠন অতীতের মতো ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যাবে।
নবগঠিত আহ্বায়ক কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের নেতৃত্বে পরিবার পরিকল্পনা শাখার ডিপ্লোমা ফার্মাসিস্টদের মধ্যে ঐক্য, পেশাগত দক্ষতা ও সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে বিজ্ঞপ্তিতে প্রত্যাশা করা হয়েছে।