রাজধানীর মিরপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত সাতজন।
মঙ্গলবার দুপুরে লাভ রোড-মন্দির রোড এলাকায় টিসিবির পণ্য বিক্রির সময় এ দুর্ঘটনা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, টিসিবির পণ্য নিতে কলেজের দেয়ালের পাশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিল সাধারণ মানুষ। এ সময় হঠাৎ করেই কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়েন কয়েকজন নারী-পুরুষ। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করেন।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত নাছিমা বেগমকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি মিরপুর-২ নম্বর জনতা হাউজিং এলাকার বাসিন্দা।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, দেয়াল ধসের ঘটনায় নাছিমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাত থেকে আটজন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।