রাজধানীর মিরপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত সাতজন।
মঙ্গলবার দুপুরে লাভ রোড-মন্দির রোড এলাকায় টিসিবির পণ্য বিক্রির সময় এ দুর্ঘটনা হয়। নিহতদের মধ্যে এক নারী ও আরেক পুরুষ রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, টিসিবির পণ্য নিতে কলেজের দেয়ালের পাশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিল সাধারণ মানুষ। এ সময় হঠাৎ করেই কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়েন কয়েকজন নারী-পুরুষ। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করেন।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত নাছিমা বেগমকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি মিরপুর-২ নম্বর জনতা হাউজিং এলাকার বাসিন্দা।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দেয়াল ধসের ঘটনায় নাছিমা বেগম নামে এক নারী ও অজ্ঞাতনামা এক পুরুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাত থেকে আটজন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।


রাজধানীর মিরপুরে দেয়াল ধসে নারী নিহত, আহত অন্তত ৭ 
