গাজীপুরে তরুণদের জন্য ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্টের শুরু

যুবকদের মাদকের কালো থাবা থেকে বাঁচাতে ফুলবাড়ীয়া সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। শুক্রবার বিকেল ৩টায় আক্কেল আলী উচ্চ বিদ্যালয় মাঠে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি কালিয়াকৈর বিআরডিবি চেয়ারম্যান মোহাম্মদ মোফাজ্জল হোসেন বলেন, "খেলাই পারে তরুণদের সঠিক পথ দেখাতে।"

এসময় মাঠের চারপাশে ছিল কানায় কানায় ভরা দর্শক। অনেকের হাতে ছিল "মাদককে না" ব্যানার।

খেলাটি সরাসরি উপভোগ করেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ জামাল উদ্দিন আহমেদ এবং ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু নাসির সরকার, সাবেক সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান সিদ্দিকী, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ হোসাইনসহ অন্যান্য রাজনৈতিক নেতারা। 

খেলায় উভয় দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৬ নম্বর ওয়ার্ডকে হারিয়ে পরবর্তী ম্যাচের সুযোগ করে নেয় ৭ নম্বর ওয়ার্ড। ফাইনাল খেলায় পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে একটি মোটরসাইকেল, রানার্স আপ পাবে একটি ফ্রিজ।

ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদের সভাপতিত্বে "আমরা খেলবো, মাদককে না বলবো" শপথের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।