জগন্নাথে ছাত্রদল–জকসু–ছাত্রশক্তির মারামারিতে কয়েকজন আহত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও ছাত্রশক্তির মারামারির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় মিলনায়তন ও শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে।

জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে এক সেমিনারে ঢোকাকে কেন্দ্র করে হওয়া এ মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে জকসু নেতারাসহ কয়েকজন প্ল্যাকার্ড নিয়ে মিলনায়তনে ঢুকতে যান। ওইসব প্ল্যাকার্ডে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ ও অস্থায়ী হল নির্মাণ, মেডিক্যাল সেন্টারে পর্যাপ্ত ল্যাব–সুবিধা, টেকনিশিয়ান ও চিকিৎসক নিয়োগসংক্রান্ত দাবি জানানো হয়।

বিষয়টি নিয়ে এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতা–কর্মীদের সঙ্গে জকসু নেতাদের ধাক্কাধাক্কি হয়। জকসুর নেতারা মিলনায়তনের বাইরে অবস্থান কর্মসূচি পালন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবস্থান কর্মসূচি ও সেমিনার শেষে শহীদ মিনারের সামনে ছাত্রদলের সঙ্গে জকসু ও জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ফের মারামারি হয়।