জবির পর ঢাকা কলেজেও ছাত্রদল–শিবির পাল্টাপাল্টি ধাওয়া

রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সংঘাতের পর ঢাকা কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে উভয় পক্ষের বেশ কয়েকজন।

মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকা কলেজের গ্যালারি নম্বর ২–এ এই সংঘর্ষ হয়। পরবর্তীতে বেলা দেড়টার দিকে ক্যাম্পাসে মিছিল করে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

ঢাকা কলেজ শাখা ছাত্রশিবির সূত্রে জানা যায়, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কলেজের গ্যালারি-২-এ শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান উপলক্ষে ৫ ও ৬ নম্বর গ্যালারিতে সাজসজ্জার কাজ চলার সময় ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির এক সদস্যের নেতৃত্বে ২০-২৫ জন নেতাকর্মী এসে তাদের মারধর করে। 

তবে ছাত্রদল সূত্র জানায়, আজ সকালে শিবিরের একটি কর্মসূচিকে কেন্দ্র করে বহিরাগত কর্মীরা ক্যাম্পাসে জড়ো হয়ে ছাত্রদলের কর্মীদের উসকানিমূলক কথাবার্তা বলে। শিবির কর্মীরা ছাত্রদলের এক কর্মীকে মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রদলের নেতাকর্মীরা একত্র হয়ে ক্যাম্পাসে মিছিল বের করে। পরবর্তীতে শিবিরের নেতাকর্মীরা হামলা চালিয়ে ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। 

এদিকে সংঘর্ষের পর শিবির কর্মীরা কলেজ ক্যাম্পাস ত্যাগ করলে ছাত্রদলের কর্মীরা ঢাকা কলেজের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

উল্লেখ্য, আজ সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করে।