রাজধানীতে ছাদ থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার চন্দ্রিমা মডেল টাউনের একটি তিনতলা ভবনের ছাদে ফুলের টবে পানি দেওয়ার সময় নিচে পড়ে মো. সুরুজ শেখ নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সুরুজ শেখ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাজুয়ারটেক গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত ভাদুড়ি শেখ। তিনি চন্দ্রিমা মডেল টাউনের ওই ভবনেই থাকতেন এবং নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের ভাতিজা মো. বাবু জানান, সকালে সুরুজ শেখ ভবনের তৃতীয় তলার ছাদে ফুলের টবে পানি দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।