ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ) নামের দুই সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হন। সংঘর্ষের ঘটনায় একাধিকবার ব্যাহত হয় জরুরি চিকিৎসা সেবা।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আহত অবস্থায় চিকিৎসা নিতে গিয়ে দুই পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষ বাধে। এর আগে সংঘর্ষের কারণে প্রায় দেড় ঘণ্টা জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ থাকে। পরে সাময়িকভাবে সেবা চালু হলেও ফের উত্তেজনা ও হামলার ঘটনায় আবারও চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়।
আহতদের মধ্যে রয়েছেন নতুন ধারা বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, চেয়ারম্যান মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান ডা. নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান এবং সাংগঠনিক সম্পাদক আতাপ মন্ডল ও হরিদাস সরকার।
আহত শান্তা ফারজানা অভিযোগ করেন, তারা জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণভাবে মশাল মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ সময় প্রতিপক্ষ সেখানে এসে হামলা চালায়। পরে আহত অবস্থায় হাসপাতালে এলে সেখানেও তাদের ওপর হামলা করা হয়।
অন্যদিকে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াস দাবি করেন, একটি বক্তব্যকে কেন্দ্র করে বিরোধের জেরে নতুন ধারা বাংলাদেশের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালায়। পরে চিকিৎসা নিতে ঢামেকে আসার পরও তাদের ওপর হামলার চেষ্টা করা হয়। এতে তাদের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানান তিনি।
সংঘর্ষের সময় জরুরি বিভাগে চিকিৎসক, রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককে দৌড়াদৌড়ি করে নিরাপদ স্থানে আশ্রয় নিতে দেখা যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যান ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি জরুরি বিভাগের চিকিৎসকদের নিয়ে বৈঠকে বসেন এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেন।



