রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর-১১ নম্বর এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. আলমগীর (৫৫) নামে বিএনপির এক কর্মী আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় তাকে।
আহত ব্যক্তি পেশায় মাছ ব্যবসায়ী। এছাড়াও তিনি ঢাকা নবাবগঞ্জ থানা বিএনপির কর্মী বলে জানা গেছে। আহত ব্যক্তি মিরপুর–১ এর ব্লক বির ৩ নম্বর রোডের ১৭ নম্বর বাসায় থাকেন। তার বাবার নাম আব্দুর রাজ্জাক।
আহতকে হাসপাতালে নিয়ে আসা তার চাচা আশিক জানান, আজ শুক্রবার বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে মিরপুর-১১, রোড নং-২, ব্লক-বি এলাকার একটি চায়ের দোকানের সামনে বসা ছিলেন আলমগীর। এ সময় স্থানীয় যুবলীগ নেতা রুবেল ও বাপ্পাসহ ৪ জন একটি প্রাইভেটকার যোগে এসে তার ওপর এলোপাতাড়ি গুলি করে দ্রুত পালিয়ে যায়।
আশিক বলেন, আলমগীরের মাথার ডান পাশে, পেটের ডান পাশে এবং ডান পাছায় গুলির আঘাত লাগে। আমরা খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় ইসলামী হাসপাতালে নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের নিয়ে আসি। বর্তমানে এখানেই সে চিকিৎসাধীন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আজ সন্ধ্যা ৭টার দিকে মিরপুর থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডের তার চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।