কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের দোকান কর্মচারী নাহিদ হাসান ও সানজিদা আক্তার দম্পতির ঘরে জন্ম নেওয়া জোড়া লাগা দুই শিশু জয়নব ও উম্মে কুলসুমের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সরকারি খরচে তাদের চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার রাত ৮টার দিকে ঢামেক হাসপাতালের শিশু বিভাগে শিশু দুটিকে ভর্তি করা হয়। ভর্তির পরপরই তাদের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
স্বাস্থ্যমন্ত্রী জানান, আর্থিক অনটনের কারণে চিকিৎসা করাতে না পেরে পরিবারটি শিশুদের নিয়ে গ্রামে ফিরে গিয়েছিল। গণমাধ্যমে এ-সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি শিশু দুটির বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করেন এবং চিকিৎসায় সার্বিক সহায়তার আশ্বাস দিয়ে দ্রুত ঢামেকে নিয়ে আসার অনুরোধ জানান।
হাসপাতালে সাংবাদিকদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের যত বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, সবাইকে নিয়ে বোর্ড গঠন করা হবে। প্রয়োজনে দেশের বাইরে থেকেও বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত করা হবে।’
স্বাস্থ্যমন্ত্রী নিশ্চিত করেন, শিশু দুটির চিকিৎসার যাবতীয় ব্যয় সরকার বহন করবে। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের পরিবারের দৈনন্দিন খাবারের ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে পরিবারটির নগদ হাতখরচের জন্য পাঁচ হাজার টাকা তুলে দেন।
প্রায় তিন মাস সাত দিন আগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শিশু দুটির জন্ম হয়। তারা নাহিদ-সানজিদা দম্পতির দ্বিতীয় সন্তান। এর আগে এই দম্পতির এক ছেলেসন্তান রয়েছে।