নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে শাহ আলম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের অদূরে বটতলার জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা হয়।

নিহত শাহ আলম মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিনিবাসদী গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। তিনি নরসিংদী শহরের পশ্চিম ব্রাহ্মন্দী এলাকায় ভাড়া বাসায় দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন।

নিহতের বন্ধু কামাল উদ্দিন জানান, প্রতিদিন তিনি ও শাহ আলম একসঙ্গে স্টেশন মসজিদে নামাজ পড়তেন। আজ তার সঙ্গে একবারও দেখা হয়নি। এশার নামাজ পড়তে এসে তিনি জানতে পারেন, শাহ আলম ঢাকাগামী মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মারা গেছেন।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দীলিপ চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে ফাঁড়িতে আনা হয়। পরে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হচ্ছে। রেল লাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা হয়।