হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানসহ আটক তিনজন এখনো থানায় রয়েছেন। তাদের কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে নাকি ছেড়ে দেওয়া হবে সে বিষয়ে আজ মঙ্গলবার পুলিশের সিন্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
এর আগে গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কোর্ট মসজিদের সামনে থেকে মাদদী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সুমন ও রাকিবকে আটক করে পুলিশ। তাদের আটকের পরও কোর্ট মসজিদ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা আন্দোলনকারীদের অন্য কাউকে দেখা যায়নি।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, প্রশাসনের অনুমতি ছাড়া ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। বিশৃঙ্খলার আশঙ্কায় প্রশাসন মিছিলের অনুমতি দেয়নি। পরে প্রশাসনের বাধা উপেক্ষা করে তারা জড়ো হলে ঘটনাস্থল থেকে মাহদীসহ তিনজনকে আটক করা হয়।
আটকের পর সোমবার রাতে ওসি জাহিদুল হক জানিয়েছিলেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে তাদের ছেড়ে দেওয়া হবে, নাকি গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে–সে বিষয়ে জানানো হবে।
এদিকে একটি সূত্র জানিয়েছে, মাহদী হাসানসহ আটক তিনজনকে একটি মামলায় আসামি দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।