রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা ইউনাইডেট হাসপাতালের ১০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় সাজ্জাদ হোসেন রাব্বী (৩২) নামে কাপড়ের দোকানের এক কর্মচারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সোয়া ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাজ্জাদের বাড়ি মহাখালী মধ্যপাড়া বনানী এলাকায়। তার বাবার নাম শাজাহান গাজী।
হাসপাতালে নিহত সাজ্জাদের বোন শম্পা বলেন, আজ সকাল ১০টার দিকে কর্মক্ষেত্রে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বেরিয়েছিল আমার ভাই। পরে আমরা জানতে পারি বসুন্ধরা ইউনাইটেড হাসপাতালের সামনে একটি প্রাইভেটকারে ধাক্কায় আমার ভাই গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে আছে। পরে আমরা দ্রুত চাকরি উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও আমার ভাইকে আর বাঁচানো সম্ভব হয়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।