গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর শিমুলতলী এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এক চালককে হত্যার অভিযোগ উঠেছে। এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে তার বৃদ্ধা মায়েরও মৃত্যু হয়েছে। পরিবারের দুই সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আতাউর রহমান ওরফে আতা মিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের চ্যাংনা গ্রামের বাসিন্দা। তিনি অটোরিকশা চালিয়ে জীবিকানির্বাহ করতেন।
আড়াল বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার মির্জানগর বালিকা উচ্চবিদ্যালয়ের পাশের শিমুলতলী সড়কের একটি নির্জন স্থানে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের স্বজনরা জানান, ভাড়ার কথা বলে অটোরিকশা ছিনতাইকারীরা আতা মিয়াকে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে কুপিয়ে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়া হয়।
এদিকে, ছেলের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে তার মা জহুর খাতুনও মারা যান। শুক্রবার সকাল ১১টায় তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, ‘অটোরিকশা ছিনতাইকারীদের হামলায় আতাউর রহমানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে এবং ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।’
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।