রাষ্ট্রপতির শপথ: যানবাহন চলাচলে বিশেষ ব্যবস্থা নিল ডিএমপি

নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথিদের যানবাহন নির্বিঘ্নে চলাচল নিশ্চিতে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ৬ ঘণ্টায় মতিঝিল শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ হতে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত সকল প্রকার যানবাহনের প্রবেশ বন্ধ থাকবে। এছাড়া শাপলা চত্বর ও দৈনিক বাংলা হতে রাজউক-গুলিস্তানগামী সকল বাস দৈনিক বাংলা–ইউবিএল–প্রেসক্লাব হয়ে চলাচল করতে পারবে। 

দৈনিক বাংলা হতে রাজউক অভিমুখে কোনো বাণিজ্যিক যানবাহন চলতে পারবে না। 

হানিফ ফ্লাইওভার দিয়ে আসা যানবাহন জিরো পয়েন্টে ইউটার্ন না করে বামে ফুলবাড়িয়া অথবা ডানে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা–শাপলা চত্বর অথবা জিরো পয়েন্ট–ইউবিএল ক্রসিং–নাইটিঙ্গেল–ফকিরাপুল ক্রসিং–ইত্তেফাক হয়ে চলাচল করবে। 

সুবিধাজনক বিকল্প রাস্তায় চলাচলের জন্য গাড়িচালকদের অনুরোধ করেছে ডিএমপি।