চরভদ্রাসন হাসপাতালকে ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর 

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রোববার সকাল ৯টায় তিনি হাসপাতালে এসে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে হুড়োহুড়ি পড়ে যায়।

​পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি রোগীদের খাদ্যের মান, ওষুধ সরবরাহ ও শৌচাগারের পরিচ্ছন্নতার খোঁজখবর নেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাফিজুর রহমান উপস্থিত থেকে মন্ত্রীকে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখান।

​পরিদর্শনকালে পরিবার পরিকল্পনা বিভাগের এক নার্স দীর্ঘদিন অনুপস্থিত থাকার বিষয়টি জানতে পেরে মন্ত্রী তাৎক্ষণিকভাবে হাসপাতাল প্রাঙ্গণ থেকেই ডিরেক্টর জেনারেলকে (ডিজি) ফোন করেন এবং তাকে সদরপুরে বদলির নির্দেশ দেন।

​পরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন। এছাড়া হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে একজন গাইনি ডাক্তার ও একজন শিশু বিশেষজ্ঞ পদায়নের আশ্বাস দেন তিনি।

​খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ এবং চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফর আলী হাসপাতালে উপস্থিত হন।