বোয়ালমারীতে হামলায় বিএনপির ২ নেতা আহত, পরিস্থিতি থমথমে

ফরিদপুরের বোয়ালমারীর ময়েনদিয়া হাটে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা মুশফিক বিল্লাহ জিহাদ ও যুবদল নেতা সোলাইমান মাতুব্বর নামে দুজন আহত হয়েছেন। আর এই হামলার ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ময়েনদিয়া বাজারে শনিবার ছিল হাটবার। বাজার চলার সময় পাশের সালথা উপজেলার খাড়দিয়া এলাকার সোলাইমান মাতুব্বর হাটে আসলে ১০-১২ জনের একটি দল তাঁর ওপর হামলা চালায়। এতে তিনি মারাত্মক আহত হন। খবর পেয়ে সালথা উপজেলা বিএনপি নেতা ও মাওলানা আবুল কালাম আজাদের ছেলে মুশফিক বিল্লাহ জিহাদ ঘটনাস্থলে এসে আহত সোলাইমানকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

এর কিছুক্ষণ পর পরমেশ্বরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মান্নান মাতুব্বর ও নটখোলা গ্রামের তারা মিয়ার নেতৃত্বে মাসুদ রানা, মজনু মাতুব্বর, পান্নু মাতুব্বর, ফারুক মাতুব্বর ও মারুফ মাতুব্বরসহ কয়েকজন জিহাদ ও সোলাইমানের ওপর পুনরায় হামলা চালায়। তাঁদের দুজনকেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে।