ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটের সিটের নিচ থেকে মালিকবিহীন অবস্থায় ৮০ পিস সোনার বার উদ্ধার করা হয়েছে। এর মূল্য প্রায় ২০ কোটি টাকা।
কাস্টমস হাউস কর্তৃপক্ষ বুধবার রাতে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট থেকে ওই সোনা উদ্ধার করে বলে জাতীয় রাজস্ব বোর্ডের এক প্রেস রিলিজে জানানো হয়েছে।
এতে জানানো হয়, রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদে বিমানবন্দরে কর্মরত কাস্টমস হাউস, ঢাকার কর্মকর্তা ও কর্মচারীরা বিমানের অভ্যন্তরে রামেজিং বা বিশেষ তল্লাশির জন্য উপস্থিত হন। উপস্থিত হয়ে বিমানটি যাত্রীবিহীন অবস্থায় পাওয়া যায়।
প্রেস রিলিজে জানানো হয়, যাত্রীবিহীন ফ্লাই দুবাই এর FZ523 ফ্লাইটটি বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে তল্লাশি করে 19A সিটের নিচে কালো স্কচটেপে মোড়ানো ৮০ পিস সোনার বার পাওয়া যায়। যার মোট ওজন ৯৩৩১ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ২০ কোটি টাকা।
এতে জানানো হয়, সোনার বারগুলো অধিক মূল্যবান হওয়ায় তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কাস্টমসের মূল্যবান গুদামে জমা করা হয়। এগুলো বাংলাদেশ ব্যাংকে জমার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রাজস্ব বোর্ড জানিয়েছে, বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে। এ ধরনের নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।