গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে গাজীপুরের বাসা থেকে তাকে নিয়ে যায় পুলিশ। তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী। সিফাত আব্দুল্লাহ এনসিপির সমর্থক বলে দলীয় সূত্রে জানা গেছে। তিনি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিফাত আব্দুল্লাহ নামে ওই যুবক বেশ কিছুদিন ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের সংশ্লিষ্টদেরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য ও লেখালেখি করতেন। সর্বশেষ বৃহস্পতিবার এক মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিওতে সরকারে সংশ্লিষ্টদের গালিগালাজ করতে দেখা যায় তাকে।
সেখানে তিনি দাবি করেন, তার বাসায় চলতি মাসে ৪ হাজার এবং তার আগের মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে, যা অতিরিক্ত বলে তিনি দাবি করেন। পরে বিষয়টি ভাইরাল হলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা গাছা থানা পুলিশকে জানান। পরে রাতেই পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে।
গাছা থানার ওসি গোলাম রব্বানী বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তির দায়ে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রাত ৯টার দিকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলার প্রস্তুতি চলছে।
এদিকে, সিফাত আব্দুল্লাহ গ্রেপ্তারের খবরে থানায় ভিড় করেন এনসিপি কর্মী সমর্থকরা। এসময় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে তাদের হাতাহাতি হয় বলে জানা গেছে।
এ ব্যাপারে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক আলী নাসের খান বলেন, সিফাত এনসিপির সমর্থক এবং ইনকিলাব মঞ্চের এক্টিভিস্ট। একটা বাচ্চা ছেলে, অহেতুক তাকে আটক করা হয়েছে।