রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে প্রমোত সরকার (৬০) নামের একব্যক্তি নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা হয়।
পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিহতের ভাই কল্যাণ কুমার বলেন, ‘আমার ভাই একটি বেসরকারি কোম্পানিতে মালামাল সাপ্লাইয়ের ডিলার হিসেবে কর্মরত ছিলেন। আজ বিকেলের দিকে মালামাল নিয়ে একটি অটোরিকশায় যাওয়ার পথে সিএনজি এবং অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে আমার ভাই অটোরিকশা থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে খবর পেয়ে আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও আমার ভাইকে আর বাঁচানো সম্ভব হয়নি।’
কল্যাণ কুমার আরও বলেন, ‘আমাদের বাসা সূত্রাপুরের হেমন্দ্র দাস রোড এলাকায়। বাবার নাম মৃত রাম হরি সরকার।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।