ঢাকার সাভারের আশুলিয়ার একটি পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার প্রীতি গ্রুপের তৈরি পোশাক কারখানায় এ আগুন লাগে।
এ ঘটনায় একজন নিহতসহ বেশ কয়েকজন আহত হওয়ার দাবি করেছে স্থানীয়রা। তবে দায়িত্বশীল কেউ এ তথ্য নিশ্চিত করেনি।
স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রীতি গ্রুপের ওই তৈরি পোশাক কারখানার ভেতরে হঠাৎ বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। এতে পুরো এলাকা কেঁপে উঠে এবং আগুন ধরে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে প্রায় ১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয়দের দাবি, কারখানার ভেতরে বিস্ফোরণের সময় একটি সিলিন্ডার ছিটকে এসে কারখানার পাশের একটি কাপড়ের দোকানে পড়ে দোকানি জয়নাব বেগম মারা যান এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে তাদের ধারণা বয়লার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। তবে তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারন ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যাবে।



