এমপি গাজী নজরুল প্রথম স্ত্রীসহ পুলিশ হেফাজতে

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। রোববার রাতে রাজধানীর শেরেবাংলানগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর তাদের হেফাজতে নেওয়া হয়।

জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় নেওয়া হয়েছে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। 

নিহত মরিয়মের বাবা ও মা থানায় গিয়েছেন বলেও নিশ্চিত হওয়া গেছে। 

এর আগে, গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরিয়মের মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। 

গত জুলাইয়ে সাতক্ষীরার-৪ আসনের সংসদ সদস্য ৭৫ বছর বয়সী গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে এক তরুণীর সঙ্গে তাকে ব্যক্তিগত সময় কাটাতে দেখা যায়। পরে গাজী নজরুল জানান, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন।

ভিডিও ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে গাজী নজরুলের বিরুদ্ধে ‘নৈতিক স্খলন’– এর প্রমাণ পাওয়া গেছে জানিয়ে জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে। কিন্তু এখন পর্যন্ত তার সংসদ সদস্য পদ বহাল আছে।