ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শিবগাতি স্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে প্রাইভেট কারের দুই যাত্রী নিহত হয়েছেন। এছাড়া বাস ও প্রাইভেটকারের অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ঢাকাগামী ‘দোলা পরিবহন’ নামের একটি বাসের সঙ্গে গোপালগঞ্জগামী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে প্রাইভেট কারের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় বাস ও প্রাইভেটকারের অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।
ওসি আরও জানান, আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতাল নেওয়া হয়। পরে তাদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ জেলা সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।