গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বহেরাতলী এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বসেছিল একদিনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্প। স্থানীয় যুব সংগঠন কেবিকে যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয় এই ক্যাম্প। শনিবার ফুলবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এ আয়োজনে ছিল ডায়াবেটিস স্ক্রিনিং, কাউন্সেলিং ও ডেন্টাল চেকআপ। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও দেওয়া হয়।
আয়োজকদের সঙ্গে স্বাস্থ্যসেবা কার্যক্রমে সহযোগিতা করে মাওনা ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন। চিকিৎসাসেবার পাশাপাশি স্বাস্থ্য বিষয়ে প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয় স্থানীয়দের।
গ্রামের অনেক মানুষের কাছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা কিংবা চিকিৎসকের পরামর্শ নেওয়া সহজ নয়। তাই বাড়ির কাছেই এমন বিনামূল্যের সেবা পেয়ে স্বস্তি প্রকাশ করেন ক্যাম্পে আসা মানুষজন।
তাদের ভাষ্য, এমন উদ্যোগ শুধু তাৎক্ষণিক চিকিৎসাসেবা নয়, স্বাস্থ্য সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখছে।
কেবিকে যুব কল্যাণ সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, এলাকার মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।