নয়াপল্টনে এসি বিস্ফোরণে প্রাণ গেল যুবকের

রাজধানীর নয়াপল্টনে এসি বিস্ফোরণে জীবন বর্মা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত জীবন বর্মার বাড়ি গাইবান্ধা সদরের ভাটপাড়া গ্রামের শচীন বর্মার ছেলে। তিনি এসি মিস্ত্রীর হিসেবে কাজ করতেন। পল্টন এলাকায় একটি মেসে বসবাস করতেন।

হাসপাতলে নিহতের ভাই অনিক বর্মা বলেন, ‘আমার ভাই জীবন বর্মা পল্টন এলাকায় এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস দোকানের ভেতরে এসি মেরামতের কাজ করার সময় এসি বিস্ফোরণে গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে দ্রুততাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও আর বাঁচানো সম্ভব হয়নি।’ 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।