রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক মো. মাহবুবর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে রোববার রাতের হামলার ঘটনা তিন দিনের মধ্যে তদন্ত শেষ করে বৃহস্পতিবার সিন্ডিকেট সভায় বিষয়টি উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পর সোমবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আন্দোলনকারীদের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, আন্দোলনকারীদের অভিযোগ থাকলেও সিসিটিভির ফুটেজ মুছে ফেলার ঘটনায় সংশ্লিষ্ট হলের প্রভোস্টকে দায়ী পাওয়া যায়নি। এরপরও প্রশাসন তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
উপাচার্য বলেন, তদন্তের পর প্রত্যেকের জন্য উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।
এর আগে রোববার সাংবাদিকদের মারধরের অভিযোগ উঠে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। দেশীয় অস্ত্রসহ মিছিলের ভিডিও করতে গেলে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেন সাংবাদিকেরা। হামলায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৩ জনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।


