চকবাজারে সাততলা ভবনে আগুন, ছড়িয়েছে পাশের ভবনেও

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ‘মনজুর খান প্লাজা’ নামের সাততলা ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে ভবনটিতে আগুন লাগলেও পরে তা পাশের আরেকটি ভবনেও ছড়িয়ে পড়ে।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ভবনটিতে প্রচুর ধোঁয়া থাকায় ফায়ার ফাইটারদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।

তিনি আরও জানান, একপর্যায়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পরে তা পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় বর্তমানে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট কাজ করছে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।