ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলের ছাদ ধসে প্রাণ হারান ৪০ জন। তাদের মধ্যে ২৬ জন শিক্ষার্থী এবং ১৪ জন অতিথি ও কর্মচারী ছিলেন। সেই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পালিত হচ্ছে শোক দিবস। আজ বিশ্ববিদ্যালয় বন্ধ।
প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কালো পতাকা উত্তোলন, জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা এবং কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে শুরু হবে শোক দিবসের কর্মসূচি।
সকাল সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোক র্যালি শুরু হয়ে জগন্নাথ হল স্মৃতিসৌধে শেষ হয়। সেখানে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভা এবং জগন্নাথ হল প্রাঙ্গণে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রার্থনা সভা হবে। এছাড়া থাকছে রক্তদান কর্মসূচি এবং রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।