রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ঢালের পকেট গেটের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী কামাল হোসেন জানান, গতরাত আনুমানিক ৮টার দিকে হানিফ ফ্লাইওভারের ঢালের পকেট গেটের সামনে অজ্ঞাত দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে আহত হয়ে পড়ে থাকতে দেখা যায়। পরবর্তীতে পুলিশের সহযোগিতায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমরা নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানতে পারিনি। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’