যশোরে সড়ক দুর্ঘটনায় তরুণী বাইকারসহ দুজন নিহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার রাতে তাদের মৃত্যু হয়েছে।
এরআগে, আজ বিকেলে চৌগাছা উপজেলার কয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, চৌগাছা উপজেলার বাকপাড়া গ্রামের নাজমুল ইসলামের মেয়ে মিথিলা (১৫) মোটরসাইকেল চালিয়ে তার প্রেমিক নয়ন হোসেনকে (১৯) নিয়ে রেস্টুরেন্টে যাচ্ছিলেন। এক পর্যায়ে তারা কয়ারপাড়া এলাকায় পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিক-আপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনেই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে মৃত্যু হয় নয়নের। নিহত নয়ন হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
অপরদিকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মিথিলাকে ঢাকায় রেফার্ড করেন চিকিৎসকরা। সেখানে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ যশোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি।


