গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৩

গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ আটক দুজনকে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

হামলায় আহত পুলিশ সদস্য এটিএসআই নূরুল ইসলাম বাদী হয়ে ঢাকা রেলওয়ে থানায় মামলা দুটি দায়ের করেন।

শুক্রবার সকালে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো– শুভ (২০), ছানোয়ার হোসেন হৃদয় (২৩) ও ইয়াসিন (২৬)। 

পুলিশ কর্মকর্তা ফারুক হোসেন জানান, জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় একটি এবং মাদকসহ আটকের ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় আরেকটি মামলা হয়েছে। হামলায় আহত পুলিশ সদস্য এটিএসআই নুরুল ইসলাম বাদী হয়ে ওই মামলা দুটি করেন। হামলার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা ও রেলওয়ে পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে। রাতে অভিযান চালিয়ে হামলায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়।  

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, ফাঁড়িতে হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদকসহ আটক দুজনকেও হামলা ও মাদকের পৃথক দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা পুলিশ ইতোমধ্যে আসামিদের রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের ঢাকার আদালতে পাঠানো হবে।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্লাটফর্ম থেকে ৫৮টি ইয়াবাসহ গ্রেপ্তার হন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মাইছজাদি গ্রামের হারেছ মিয়ার ছেলে মো. আনিছ (১৮) এবং গাজীপুর সদর থানার চা বাগান বাশতলা এলাকার মো. সেলিম মিয়ার মেয়ে শিমলা (২২)। পরে তাদেরকে রেলওয়ে ফাঁড়িতে নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পর অন্যান্য মাদক ব্যবসায়িরা দেশীয় অস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা চালায়। এতে রেলওয়ে পুলিশ এটিএসআই নূরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান আহত হন।