যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসের মামলায় যুবক গ্রেপ্তার 

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অভিযানে একজন গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার রাতে মাদারীপুর থেকে গ্রেপ্তার করে। আজ বুধবার সিআইডির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

রাজৈর থানার বদরপাশা ইউনিয়নের দুর্গাবর্দী গ্রামে অভিযানে গ্রেপ্তার সোহাগ ফকির (৩৮) আব্দুল হালিম ফকির ও বিউটি বেগমের ছেলে। তার কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

এরআগে গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষাটি স্থগিত করা হয়। এ ঘটনায় ১১ অক্টোবর মতিঝিল থানায় মামলা হয়। 

সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।