রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মারুফ ওরফে দুখু নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ধলপুর এলাকার একটি মাঠে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মারুফ ধলপুর এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি আব্দুর রশিদের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। পেশায় তিনি সায়েদাবাদ মালঞ্চ সেন্টারের পাশের একটি গলিতে অবস্থিত পাতিল তৈরির কারখানার শ্রমিক ছিলেন।
নিহতের স্ত্রী মিম জানান, প্রতিদিনের মতো কাজ শেষে সন্ধ্যায় বাসায় ফেরেন মারুফ। পরে বাসার পাশের মাঠে অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বামীর মৃত্যুর ঘটনায় শোকাভিভূত মিম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার স্বামী অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তিনি কারও সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্ব বা ঝামেলায় জড়াতেন না। কারা, কী উদ্দেশ্যে তাকে এভাবে গুলি করে হত্যা করল, আমরা কিছুই বুঝতে পারছি না।’
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মারুফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।