গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে বের হচ্ছে গ্যাস

গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে গ্যাস জাতীয় পদার্থ বের হচ্ছে। পাইপের মুখে লাইটার বা দেশলাইয়ের কাঠি ধরিয়ে দিলেই দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। 

কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী ইউনিয়নের ভাসাই বাজারে বিভিন্ন মাছবাহী গাড়িতে পানি সরবরাহের জন্য কামরুল শেখ নামে এক হার্ডওয়্যার ব্যবসায়ী প্রায় এক বছর আগে একটি সাবমারসিবল পাম্প স্থাপন করেন।

সাবমারসিবল পাম্পের মালিক কামরূল শেখ জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে পাম্পটি থেকে পানি কম উঠছিল। এ অবস্থায় কৌতূহলবশত গতকাল বুধবার দিনগত রাতে কামরুল শেখ পাম্পের পাইপের মুখে গ্যাস লাইটার ধরালে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা তাঁর দোকানের সামনে ভিড় জমাতে থাকেন।

আজ বৃহস্পতিবার ভাসাই বাজারে কামরুল শেখের দোকানের সামনে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। তাদের অনুরোধে কামরুল শেখকে মাঝেমধ্যে পাম্পটি চালু করে পাইপের মুখে আগুন জ্বলার ঘটনা দেখাতে হচ্ছে।

এলাকাবাসী দ্রুত বিশেষজ্ঞ দল এনে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করার দাবি জানিয়েছেন। তাদের প্রশ্ন, সত্যিই কি মাটির নিচে এখানে গ্যাসের উপস্থিতি রয়েছে?

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীন বলেন, ‘বিষয়টি জানার পর আমি এলাকার তহশিলদারদের ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছি। আগামী শুক্রবার আমি ঘটনাস্থলে গিয়ে পরবর্তী পদক্ষেপ নেব।’