আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এর বিচারক মঞ্জুরুল বাছিদের বাসভবনের সামনে ৪ থেকে ৫টি ককটেল বিস্ফোরিত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর কলাবাগানে তাঁর বাসভবনের সামনে ওই ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় সেখান থেকে উদ্ধার করা হয় অবিস্ফোরিত আরও তিনটি ককটেল। যা পুলিশের বোম ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করে।
বিচারক মঞ্জুরুল বাছিদ জুম্মার নামাজের জন্য মসজিদে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় ককটেলগুলো নিক্ষেপ করা হয়। বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় আটক করা হয় চারজনকে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিচারক মঞ্জুরুল বাছিদের ছেলে মাহমুদুল বাছিদ। তিনি জানান, জুমার নামাজের ঠিক আগমুহূর্তে তাদের বাসার সামনে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। এ ঘটনায় এ পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।