খাবার দিতে দেরি, বাবুর্চিকে পিটিয়ে হত্যা

রাজবাড়ীর গোয়ালন্দে খাবার দিতে দেরি হওয়ায় রান্নার লাকড়ি দিয়ে পিটিয়ে মো. ফজের আলী নামে এক বাবুর্চিকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর সহকারী সোনাভান বিবি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার দৌলতদিয়া আঞ্জুমান কাদরীয়া খানকা শরীফের রন্ধনশালায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নিহত ফজের আলী রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মল্লিকপাড়া গ্রামের আহমেদ আলীর ছেলে। তিনি ওই খানকা শরীফের বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। আহত সোনাভান বিবি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর সিদ্দিক কাজীর পাড়া গ্রামের সাইমুদ্দিন শেখের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তি খানকা শরীফের রন্ধনশালায় গিয়ে খাবার চান। খাবার দিতে দেরি হওয়ায় তিনি সেখানে থাকা রান্নার লাকড়ি দিয়ে ফজের আলী ও তার সহকারীকে এলোপাতাড়ি মারধর করেন। পরে খানকা শরীফের ভক্ত ও স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফজের আলীকে মৃত ঘোষণা করেন। আহত সোনাভান বিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন, অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।