পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আশুলিয়া শিল্পাঞ্চলে দেখা দেওয়া শ্রমিক অসন্তোষ আজ অনেকটাই স্বাভাবিক। রোববার সকাল থেকে পোশাক শ্রমিকেরা স্বাভাবিক দিনের মতো কারখানায় প্রবেশে করে উৎপাদন শুরু করেছে।
তবে শিল্পাঞ্চলের নরসিংহপুর এলাকার ৩টি পোশাক কারখানার শ্রমিকেরা সকালে কারখানায় প্রবেশ করে ভেতরে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
শিল্প পুলিশ জানায়, গতকাল আশুলিয়ার কাঠগড়া এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কারখানা থেকে বেরিয়ে এসে বিক্ষোভ শুরু করেন। এসময় তারা আশপাশের কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করলে শ্রমিক অসন্তোষের জেরে গতকাল অন্তত ২২টি কারখানায় ছুটি ঘোষণা করেন কর্তৃপক্ষ। তবে আজ সেসব কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।
শিল্প পুলিশ বলছে, সকাল থেকে কোথাও কোনো সড়ক অবরোধ বা সংঘর্ষের ঘটনা না ঘটলেও শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। পাশাপাশি, শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে মাইকিং করানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে।