রাজধানীর বনানীতে রান্নাঘরের গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী নাগরিক মিস কেইস্টিন ভার বুনাগ (৩৩) জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ সোমবার সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার।
তিনি জানান, গতকাল রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফিলিপাইনের নারী নাগরিক। তাঁর শরীরে ৬৩ শতাংশ দগ্ধ ছিল।
তাকে হাসপাতালে নিয়ে আসা ওই বাসার ম্যানেজার মোহাম্মদ আল আমিন জানান, গত ২৮ অক্টোবর রাতে ওই বাসায় রান্না করার জন্য গ্যাসের সিলিন্ডারে চুলায় আগুন জ্বালাতে গেলে হঠাৎ গ্যাস লিকেজ থেকে আগুন ধরে যায়। পরে দগ্ধ অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে গুলশান ইউনাইটেড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গতকাল বিকেল সাড়ে ৪টার জাতীয় ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।
তিনি আরো জানান, গত ১৫ অক্টোবর ওই নারী ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন এবং বনানীর ৭ নম্বর রোডের একটি ফ্ল্যাটে ওঠেন।
এদিকে, আজিনা মটো কোম্পানির সিইও জাপানি নাগরিক নাকাসিমা ফুমিয়াকি জানিয়েছেন, নিহত ক্রিস্টিন ভার তাঁর বান্ধবী ছিলেন এবং তাঁরা দুজনে গত ১৫ অক্টোবর বাংলাদেশে এসে ওই ঠিকানায় একত্রে বসবাস করছিলেন।