রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে দুটি বাসের মধ্যে গতির প্রতিযোগিতা চলাকালে একটি বাসের ধাক্কায় আমিরুল ইসলাম (৩৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা হয়।
পরে মোটরসাইকেল চালককে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ড্রাইভিং লাইসেন্স থেকে তার পরিচয় শনাক্ত করা হয়।
নিহত আমিরুল ইসলাম টাঙ্গাইল জেলার সদর থানার চরপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি রাজধানীর শ্যামপুরের ফরিদাবাদ এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।
দুর্ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী রিকশাচালক ইমরান ফকির বলেন, ‘আমি দুপুরে নামাজ শেষ করে রায়েরবাগ ফুটওভার ব্রিজের ওপর দাঁড়িয়ে ছিলাম। তখন দেখতে পাই, যাত্রাবাড়ীর দিকে ছুটে যাওয়া দুটি বাস একে অপরের সাথে প্রতিযোগিতা করছে। ঠিক সে সময়েই একটি মোটরসাইকেল নিয়ে আমিরুল ইসলাম বাস দুটির সামনে দিয়ে যাচ্ছিলেন। একটি বাস অতিক্রম করে গেলেও অজ্ঞাত আরেকটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়।’
ইমরান ফকির আরও বলেন, ‘তিনি বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান এবং মাথার পেছনে গুরুতর আঘাত পান। পরবর্তীতে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও আর বাঁচানো সম্ভব হয়নি।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’